প্রাইভেসি
সর্বশেষ হালনাগাদ ২১ অক্টোবর ২০২৬
RemoteKaj চালায় oLab, একটি অস্ট্রেলিয়ান কোম্পানি। আমরা আপনার কোন তথ্য জানি, কেন রাখি, আর আপনি কীভাবে তা দেখতে বা মুছে ফেলতে বলতে পারেন — এই পাতায় সহজ ভাষায় সেটাই বলা আছে।
আমরা কী কী তথ্য রাখি
আপনি ফর্মে যা দেন, সাইন আপের সময় আপনার সংযোগ থেকে যা জানা যায়, আর আপনার অ্যাকাউন্টে যা ঘটে:
- আপনার WhatsApp নাম্বার (এটাই আপনার লগইন), আর আপনি যদি দ্বিতীয় কোনো নাম্বার দেন।
- আপনার নাম, বয়স বা জন্মতারিখ, আর আপনি কোন দেশ ও শহরে থাকেন।
- সাইন আপের সময় আপনার ইন্টারনেট সংযোগ থেকে দেশ, অঞ্চল আর শহর। এগুলো আমরা নেটওয়ার্ক থেকে পড়ি; আপনাকে জিজ্ঞেস করা হয় না।
- আমাদের কীভাবে খুঁজে পেলেন, কে রেফার করেছেন, আর প্রথম কোন পাতায় এসেছিলেন।
- কোন কোন কাজের জন্য আবেদন করছেন, আর আপনার অভিজ্ঞতা কতটুকু।
- রেজিস্ট্রেশন ফি-র তথ্য: যে bKash নাম্বার থেকে পাঠিয়েছেন বা ট্রানজেকশন নাম্বার, পেমেন্টের স্ক্রিনশট (যদি দেন), আর আপনার লেখা কোনো নোট।
- ইন্ট্রো ভিডিওর প্রশ্নগুলোর উত্তর।
- আপনার প্রোফাইল: যে তথ্য পূরণ করেন, আর কাজের প্রোফাইলের লিংক (যেমন LinkedIn বা Upwork)।
- আপনার অ্যাকাউন্টের ইতিহাস: কখন সাইন ইন করেছেন, কী বদলেছে, আর আপনার অগ্রগতি নিয়ে আমাদের টিমের নোট, ট্যাগ ও রেটিং।
- আপনার সাথে কথা বলার পর আমাদের টিম আপনার ধর্ম নোট করে রাখতে পারে — শুধু যাতে মেসেজে আপনাকে সঠিকভাবে সম্বোধন করা যায়। কোনো ফর্মে এটা জিজ্ঞেস করা হয় না।
কেন রাখি
আপনার আবেদন, রেজিস্ট্রেশন আর পরের ধাপগুলো চালানোর জন্য — আপনি কে তা মিলিয়ে দেখতে, পেমেন্ট নিশ্চিত করতে, WhatsApp-এ আপনার সাথে কথা বলতে, আর আপনাকে ঠিক পরের ধাপটা দেখাতে। আমরা আপনার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করি না।
কোথায় থাকে, কে দেখে
আপনার তথ্য রাখা হয় oLab-এর একটি Notion ওয়ার্কস্পেসে, বাংলাদেশের বাইরের সার্ভারে। RemoteKaj চালায় যে oLab টিম, তারাই এটা দেখতে পায়। আর কারো সাথে আমরা এটা শেয়ার করি না — শুধু যে সার্ভিসগুলো সাইটটা চালাতে সাহায্য করে, আর আপনি কোনো কাজে আবেদন করলে RemoteKaj-এর মাধ্যমে লোক নেওয়া সেই কোম্পানি, তারা ছাড়া:
- Notion — আপনার তথ্য রাখে।
- Vercel ও Upstash — ওয়েবসাইটটা চালায়, আর অল্প সময়ের নিরাপত্তা-যাচাই রাখে (যেমন, একটা নাম্বার থেকে কতবার সাইন ইনের চেষ্টা হলো)।
- WhatsApp — যেখানে আপনি আর আমাদের টিম কথা বলেন।
- YouTube — ইন্ট্রো ভিডিওটা চালায়।
- Google Analytics — কতজন এসেছেন আর কোন পাতাগুলো পড়া হয়েছে, শুধু মোট সংখ্যায় গোনে। আপনার নাম, নাম্বার বা লেখা কিছুই সেখানে যায় না।
- RemoteKaj-এর মাধ্যমে লোক নেওয়া কোনো কোম্পানি — শুধু যখন আপনি তার কাজে আবেদন করেন আর সম্মতির লাইনে টিক দেন: আপনার নাম, নাম্বার আর আপনার সম্পর্কে আমাদের টিমের নোট। লাইনে কোম্পানির নাম থাকে; কাজে নাম না দেখানো থাকলে লেখা থাকে "RemoteKaj-এর একজন ক্লায়েন্ট"।
- আমাদের টিম যে AI টুলগুলো ব্যবহার করে — টিম কাজ করার সময় সেগুলো এই তথ্য পড়তে পারে।
আপনার ফোনে বা কম্পিউটারে
সাইটটা আপনার ব্রাউজারে কয়েকটা ছোট জিনিস রাখে: আপনার সাইন-ইন, বেছে নেওয়া ভাষা, কে রেফার করেছেন আর প্রথম কোথা থেকে এসেছিলেন, অসম্পূর্ণ রেজিস্ট্রেশন — যাতে উত্তরগুলো হারিয়ে না যায় — আর ইন্ট্রো ভিডিওর কোথায় থেমেছিলেন। ইন্টারনেট না থাকলেও যাতে পাতাগুলো খোলে, তাই আপনার নিজের স্ক্রিনগুলোর কপি সর্বোচ্চ ১৪ দিন, আর আপনার খোলা পাতাগুলোর কপি সাইটটা পরের বার আপডেট হওয়া পর্যন্ত রাখে; সাইন আউট করলে সবই মুছে যায়। Google Analytics-ও দুয়েকটা ছোট কুকি রাখে, যাতে আগে আসা দর্শক আর নতুন দর্শক আলাদা করে গোনা যায়। কোনো বিজ্ঞাপনের ট্র্যাকার নেই। সাইন আউট করলে সাইন-ইন, অসম্পূর্ণ রেজিস্ট্রেশন আর ওই অফলাইন কপিগুলো মুছে যায়।
কতদিন রাখি
যতদিন আপনার অ্যাকাউন্ট আছে। মুছে ফেলতে বললে আমরা মুছে ফেলি।
কপি চাওয়া, ঠিক করা, বা মুছে ফেলা
যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন, সেখান থেকে আমাদের WhatsApp-এ মেসেজ করুন। আমাদের টিমের একজন মানুষ উত্তর দেবেন। আপনার যে তথ্য আমাদের কাছে আছে, তার কপি পাঠাতে পারি, ভুল থাকলে ঠিক করতে পারি, বা মুছে দিতে পারি।
মুছে ফেললে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে: প্রোফাইল সরিয়ে ফেলা হবে, আর আপনি আর সাইন ইন করতে পারবেন না। কী ঘটেছিল তার ছোট্ট একটা রেকর্ড — যেমন, পেমেন্ট হয়েছিল — আমাদের ভেতরের অ্যাক্টিভিটি লগে থেকে যেতে পারে।
আপনার তথ্য নিয়ে কোনো প্রশ্ন আছে? WhatsApp-এ আমাদের মেসেজ করুন